Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রহেলিকা, ২০২৩

Poems/কবিতা

কখন পড়বে মেনুচার্ট

তারাশঙ্কর দে


চৈতন্য হলেই সূর্যমুখী ফোটে

শুদ্ধস্নান সেরে আচমন করে

কাঠামোয় খড় বাঁধতেই

তাল তাল মাটি,

চক্ষুদান হতেই

তুলি আর রং

তুলে ধরে মৃন্ময়ী রূপ ।

 

চৈতন্য হলেই

সংকোচ গোপন থাকে না,

পর্দা টানতেই

নির্মেদ মেঘ চৌকাঠ পেরোয়,

ঋজু শিরদাঁড়াটা

বন্ধক রাখতে নেই

তবেই সময়ে পরিযায়ী পাখিরা

নেমে আসবে মনের ঝিলে ।

 

চৈতন্য হলেই ভোর হয়

জেগে ওঠা চরে

ঘর বাঁধে ভালোবাসা ,

বসন্ত ডাক দিয়ে যায়

চন্দন চর্চিত এলোকেশীর

কপালে সিঁদুর দান করতেই

বুভুক্ষু মানুষেরা পাত পেতে অপেক্ষায়

কখন পড়বে মেনুচার্ট ।