Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

অনুপম, ২০২৩

Poems/কবিতা

সংগ্রাম-অবিরাম

সজল শ্যাম


স্বাধীনতার পঁচাত্তোর বছর পরেও

দুঃখ -শোকের খেত খামারে

শুধুই বঞ্চনা আর হতাশা

অসহায় শরীরগুলো ক্ষোভে থর থর কাঁপে

নেই শাসন,শুধু স্বজন পোষণ এবং বিশ্বায়ন ,

চারিদিকে গ্রাম দখলের লড়াইয়ে নৈরাজ্য

নীল সাদা গেরুয়ার চোরাবালি ।

স্বপ্নহীন শস্যহীন বন্ধ্যা মাঠে মৃত্যু মিছিলে

ক্ষুধায় আহত বাংলার গ্রামগুলি ।

 

আবহাওয়ায় শুধু রক্ত ঝরা দিন,

গ্রাম সংগ্রামে তবু পথে পথে প্রতিবাদে প্রতিরোধে

রক্ত পতাকা উড্ডীন !

বৃক্ষলতা যেমন জড়িয়ে থাকে বৃক্ষের শরীর,

মাটিতে পা রেখে মাটির মানুষেরা

তেমনি আঁধার ভাঙতে ভাঙতে

ছিন্নভিন্ন আগুন  অন্তরে উপড়ে ফেলে

মিথ্যা প্রতিশ্রুতির সমস্ত প্রস্তর ফলক ,

সময় তাকিয়ে আছে অপলক!

সংগ্রামী সদিচ্ছার প্রাণোৎসবে ভুবন নমিতারা

প্রতীক্ষায় থাকে কখন লেখা হবে বর্ণময় জয়ের ইতিহাস।

 

পঞ্চায়েতের মেঠো পথে শুধুই নাটক ও সন্ত্রাসের নগ্ন শরীর,

লাঞ্ছিত গণতন্ত্রের দীর্ঘশ্বাস ।

দুৃ্র্বৃত্তরা দখল নেয় গ্রাম বাংলার মাটি ওআকাশ,

সাক্ষী থাকে খুন হওয়া যুবকের লাশ!

জাত ধর্মের কুৎসিত হাওয়া ঘুরপাক খায়

স্হানীয় সংবাদে,তবু মানুষ জেগে থাকে

প্রতিবাদে সংগ্রামে মিছিলে সমবেত  প্রতিরোধে ।